Tafsir Fathul Majid

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Fathul Majid tafsir for Surah Al-Mulk — Ayah 6

وَلِلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡ عَذَابُ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ٦ إِذَآ أُلۡقُواْ فِيهَا سَمِعُواْ لَهَا شَهِيقٗا وَهِيَ تَفُورُ ٧ تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلۡغَيۡظِۖ كُلَّمَآ أُلۡقِيَ فِيهَا فَوۡجٞ سَأَلَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ نَذِيرٞ ٨ قَالُواْ بَلَىٰ قَدۡ جَآءَنَا نَذِيرٞ فَكَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ كَبِيرٖ ٩ وَقَالُواْ لَوۡ كُنَّا نَسۡمَعُ أَوۡ نَعۡقِلُ مَا كُنَّا فِيٓ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ ١٠ فَٱعۡتَرَفُواْ بِذَنۢبِهِمۡ فَسُحۡقٗا لِّأَصۡحَٰبِ ٱلسَّعِيرِ ١١

৬-১১ নম্বর আয়াতের তাফসীর :

আলোচ্য আয়াতগুলোতে কাফিরদের জন্য জাহান্নামের যে শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে, জাহান্নামে প্রবেশকালে ফেরেশতারা তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করবে এবং তারা যে জবাব দেবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।

شَهِيْق বলা হয় সে শব্দকে যা গাধার মুখ থেকে সর্ব প্রথম বের হয়। গাধার আওয়াজ সবচেয়ে খারাপ আওয়াজ। (সূরা লুকমান ৩১ : ১৯) সেদিন জাহান্নামীরাও গাধার মত চিৎকার করবে এবং আগুনের ওপর রাখা ফুটন্ত হাড়ির মত উদ্বেলিত হতে থাকবে।

(تَمَيَّزُ مِنَ الْغَيْظِ)

অর্থাৎ জাহান্নামীদের ওপর রাগে জাহান্নাম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী রাসূল আসেনি? উত্তরে জাহান্নামীরা আয়াতে উল্লিখিত কথা বলবে। মূলত তাদেরকে এ অবস্থায় এ প্রশ্ন করা হচ্ছে, নিছক তাচ্ছিল্য ও অবমাননার উদ্দেশ্য। কোন শাস্তিযোগ্য অপরাধীর অবমাননা ও লাঞ্ছনার জন্য যখন এ ধরণের কথা বলা হয় তখন এর চেয়ে হৃদয়বিদারক কটু কথা ও কষ্টদায়ক কথা আর কিছুই হতে পারে না। সূরা যুমারের ৭১ নম্বর আয়াতে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

(لَوْ كُنَّا نَسْمَعُ)

‘যদি আমরা শুনতাম!’ এ কথা জাহান্নামীরা আফসোস করে বলবে। কিন্তু সে আফসোস কোন কাজে আসবে না।

আয়াত হতে শিক্ষণীয় বিষয় :

১. রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আনুগত্য না করা জাহান্নামে যাওয়ার কারণ।

২. দুনিয়াতেই আখিরাতের পাথেয় সংগ্রহ করা উচিত, কারণ আখিরাতে আফসোস করে কাজে আসবে না।

৩. জাহান্নামে অবস্থানকারীরা জাহান্নামে সর্বদাই চিৎকার করতে থাকবে।

৪. কাফিররা আখিরাতে স্বীকার করবে যে, তারা দুনিয়াতে নাবী-রাসূলদের আনুগত্য করেনি।