Tafsir Fathul Majid

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Fathul Majid tafsir for Surah Al-Balad — Ayah 13

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١ وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ١٢ فَكُّ رَقَبَةٍ ١٣ أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ١٤ يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ ١٥ أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ١٦ ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ١٧ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ١٨ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ١٩ عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ٢٠

১১-২০ নম্বর আয়াতের তাফসীর:

الْعَقَبَةَ বলা হয় পাহাড়ের মাঝে মাঝে রাস্তা বা গিরিপথকে। সাধারণত এ ধরনের পথ বন্ধুর। এটা মানুষের সেই শ্রম ও কষ্টকে স্পষ্ট করে বুঝানোর জন্য একটি উদাহরণ যা নেক কাজ করার পথে শয়তানের কুমন্ত্রণা এবং মনের কামনা বাসনার বিরুদ্ধে করতে হয়। যেমন পাহাড়ের ঐ পথের চূড়া অত্যন্ত কঠিন, তেমনি নেক কাজ করাও বড় কঠিন। (ফাতহুল কাদীর)। তবে আয়াতের অর্থ হলো: সম্পদ ব্যয় করে তারা কেন আখিরাতের দুঃখ-কষ্ট পার হওয়ার চেষ্টা করে না? ফলে সে নিরাপদে থাকবে।

(وَمَآ أَدْرَاكَ مَا الْعَقَبَةُ)

অর্থাৎ তুমি কি জান, আখিরাতের দুঃখ-কষ্ট কী এবং কিসে তা অতিক্রমে সহযোগিতা করবে? তাহলো : মু’মিন দাস আযাদ করা অথবা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। দাস আযাদ করার ফযীলত সম্পর্কে অনেক সহীহ হাদীস রয়েছে। তার মধ্যে অন্যতম হলো : আবূ নাজীহ (রহঃ) হতে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি যে মুসলিম কোন মুসলিম দাসকে আযাদ করল আল্লাহ তা‘আলা তার এক একটি হাড়ের বিনিময়ে ঐ মুক্তকারীর এক একটি হাড়কে জাহান্নামের আগুন হতে রক্ষা করবেন। আর যে মুসলিম নারী কোন মুসলিম দাসীকে আযাদ করল আল্লাহ তা‘আলা তার এক একটি হাড়কে ঐ মুক্তিপ্রাপ্ত দাসীর এক একটি হাড়ের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। (ইবনু জারীর ৩০/১২৯, হাদীসটি মুরসাল।) তাই ইসলাম দাস প্রথার প্রতি উৎসাহ দেয় না বরং বিলুপ্তির জন্য উৎসাহ দেয়।

(يَوْمٍ ذِيْ مَسْغَبَةٍ)

অর্থাৎ ক্ষুধার দিন। ذَا مَقْرَبَةٍ অর্থাৎ এমন ইয়াতীম যে সম্পর্কের দিক হতে আত্মীয় হয়। এমনিতেই তো ইয়াতীমদের প্রতিপালন করা ও তাদের সহযোগিতা করা নেকীর কাজ কিন্তু এখানে বিশেষভাবে বলা হয়েছে সে ইয়াতীম যদি নিকটাত্মীয় ও বিপদগ্রস্থ হয় তাহলে তাকে সহযোগিতা করা আরো নেকীর কাজ। রাসূলুল্লাহ (সাঃ) বলেন : মিসকীনকে দান করায় সাদকাহর নেকী রয়েছে। আর নিকটাত্মীয় হলে দ্বিগুণ নেকীÑ একটি দান করার জন্য অপরটি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য। (তিরমিযী হা. ৬৫৮, ইবনু মাযাহ হা. ১৮৪৪, সনদ সহীহ) অন্যত্র তিনি বলেন: হে মানুষ! সালাম প্রসার কর, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখ, তোমরা খাদ্য খাওয়াও, মানুষ ঘুমিয়ে গেলে সালাত আদায় কর তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। (তিরমিযী হা. ২৪৮৫, সহীহ)

ذَا مَتْرَبَةٍ অর্থ : মাটি মাখা বা ধূলোয় ধূসরিত। অর্থাৎ এমন দরিদ্র যে নিঃস^ হওয়ার কারণে মাটি বা ধূলোর ওপর পড়ে থাকে। তার নিজ ঘর বাড়ি বলেও কিছু নেই। ইবনু আব্বাস (রাঃ) বলেন : রাস্তায় পতিত ব্যক্তি, যার নিজস্ব কোন ঘর-বাড়ি নেই, ইকরিমা (রহঃ) বলেন : সে হল ঋণগ্রস্ত ব্যক্তি। ইবনু কাসীর (রহঃ) বলেন : সবগুলোই কাছাকাছি অর্থ দিয়ে থাকে।

(ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا)

অর্থাৎ উপরোল্লিখিত সৎ আমলগুলো যখন ঈমানের সাথে করবে এবং আল্লাহ তা‘আলার কাছে নেকীর আশা রাখবে।

যেমন আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন:

(وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰی لَھَا سَعْیَھَا وَھُوَ مُؤْمِنٌ فَاُولٰ۬ئِکَ کَانَ سَعْیُھُمْ مَّشْکُوْرًا)

“আর যারা মু’মিন অবস্থায় আখিরাত কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য।” (সূরা ইসরা ১৭: ১৯)

আর যারা পরস্পর ধৈর্য ধারণের ও সৃষ্টি জীবের প্রতি দয়ার উপদেশ দেয় তারাই কিয়ামত দিবসে ডান হাতে আমলনামা পাবে। ধৈর্য ধারণ তিন প্রকার : বিপদে ধৈর্য ধারণ করা, পাপ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তা‘আলার আনুগত্যের মাধ্যমে ধৈর্য ধারণ করা। এরূপ ধৈর্যশীলদের পুরস্কারের শেষ নেই। আল্লাহ তা‘আলা বলেন :

(أُولٰ۬ئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا خٰلِدِيْنَ فِيْهَا ط حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا)

“তাদেরকে প্রতিদানস্বরূপ দেয়া হবে জান্নাতের সুউচ্চ বালাখানা যেহেতু তারা ছিল ধৈর্যশীল, তাদেরকে সেথায় অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে। সেথায় তারা চিরস্থায়ী থাকবে। আশ্রয়স্থল ও বসতি হিসাবে তা কতই না উৎকৃষ্ট!” (সূরা ফুরকান ২৫: ৭৫)

রাসূলুল্লাহ (সাঃ) বলেন : মুসলিম দুনিয়াতে যেসব বিপদ, রোগ, দুশ্চিন্তা, দুঃখ-কষ্ট বা মনোবেদনা ভোগ করে এমনকি যদি তার শরীরে কোন কাঁটাও ফুটে (আর সে যদি তাতে আল্লাহ তা‘আলার সন্তুষ্টির ওপর থাকে) তাহলে এর দ্বারা তার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। (সহীহ বুখারী হা. ৫৬৪১, সহীহ মুসলিম হা. ২৫৭২)

সৃষ্টি জীবের প্রতি দয়ার ব্যাপারে আল্লাহ তা‘আলা বলেন :

الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ، ارْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ

দয়াশীলদেরকে দয়াময় আল্লাহ তা‘আলা দয়া করবেন। পৃথিবীবাসীদের প্রতি দয়া কর, আকাশের ওপর যিনি আছেন তিনি তোমাদের ওপর দয়া করবেন। (আবূ দাঊদ হা. ৪৯৪১, সহীহ) মূলত পরস্পরকে দয়া করা এবং ধৈর্য ধারণ করা ও সৎকাজের উপদেশ দেয়া ঈমানের অন্যতম একটি প্রধান দাবী।

(أَصْحٰبُ الْمَيْمَنَةِ)

অর্থাৎ ডান হাতে আমলনামা পাবে। এরা জান্নাতী। সূরা ওয়াকিয়াতে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর যারা কাফির তারাই বাম সারির লোক, তাদের ঠিকানা জাহান্নাম।

مُؤْصَدَةٌ অর্থ مغلقة বা বদ্ধ। অর্থাৎ জাহান্নামের আগুন তাদের আবদ্ধ করে নেবে ফলে কখনও তা হতে বের হতে পারবে না। মু’মিনদের জন্য দুনিয়ার জীবন কষ্টের আধার। শত কষ্টের মধ্যেও তাকে ঈমান ও সৎআমলে অটল থাকতে হবে। সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষের প্রতি দয়াশীল হতে হবে। তাহলে সফলকাম ও সৌভাগ্যবান বান্দা হওয়া সম্ভব অন্যথায় হতভাগা ছাড়া কিছুই হওয়া যাবে না।

আয়াত হতে শিক্ষণীয় বিষয়:

১. দাস আযাদ করার ফযীলত জানলাম।

২. গরীব-মিসকীন বিশেষ করে নিকটাত্মীয় ইয়াতীমদেরকে খাবার খাওয়ানো ঈমানের দাবী এবং ফযীলতের কাজ।

৩. ডান হাতে যারা আমলনামা পাবে তাদের বৈশিষ্ট্য জানলাম।

৪. ধৈর্য ধারণের প্রতিদান অনেক মহৎ।