Tafsir Fathul Majid

Multiple Ayahs

Tags

Download Links

Tafsir Fathul Majid tafsir for Surah Al-Mumtahanah — Ayah 9

۞ عَسَى ٱللَّهُ أَن يَجۡعَلَ بَيۡنَكُمۡ وَبَيۡنَ ٱلَّذِينَ عَادَيۡتُم مِّنۡهُم مَّوَدَّةٗۚ وَٱللَّهُ قَدِيرٞۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ٧ لَّا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمۡ يُقَٰتِلُوكُمۡ فِي ٱلدِّينِ وَلَمۡ يُخۡرِجُوكُم مِّن دِيَٰرِكُمۡ أَن تَبَرُّوهُمۡ وَتُقۡسِطُوٓاْ إِلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ ٨ إِنَّمَا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ قَٰتَلُوكُمۡ فِي ٱلدِّينِ وَأَخۡرَجُوكُم مِّن دِيَٰرِكُمۡ وَظَٰهَرُواْ عَلَىٰٓ إِخۡرَاجِكُمۡ أَن تَوَلَّوۡهُمۡۚ وَمَن يَتَوَلَّهُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ٩

৭-৯ নম্বর আয়াতের তাফসীর :

অর্থাৎ কাফিরদের সাথে শত্রুতা পোষণ করার ফলাফল কী তা

(عَسَي اللّٰهُ أَنْ يَّجْعَلَ...)

এ আয়াত বলে দিচ্ছেন। মুসলিমরা যদি কাফিরদের সাথে শত্রুতা পোষণ করে তাহলে আল্লাহ তা‘আলা তাদের মনে হয়তো এমন একটি চেতনা বা উদ্বেগ জাগিয়ে দেবেন যাতে তারা অনুধাবন করতে সক্ষম হবে যে, আমাদের মাঝে ও মুসলিমদের মাঝে শত্রুতার কারণ কি? তাহল ঈমান। অতত্রব ঈমান নিয়ে আসলে কোন শত্রুতা থাকবে না। যেমন মক্কা বিজয়ের সময় মুসলিমদের রক্তপিপাসু হাজার হাজার কাফির স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিলেন। ফলে সকল প্রকার হিংসা-বিদ্বেষ দূর হয়ে তা বন্ধুত্ব ও ভালবাসায় রূপ নিয়েছে। যেমন আল্লাহ তা‘আলা বলেন :

(وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَا۬ءً فَأَلَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِه۪۬ إِخْوَانًا ج وَكُنْتُمْ عَلٰي شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِّنْهَا)‏

“আর তোমাদের ওপর আল্লাহর দেওয়া নেয়ামতকে স্মরণ কর। যখন তোমরা একে অপরের শত্রু ছিলে এবং তিনি তোমাদের অন্তরের মধ্যে ভালবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা তো ছিলে এক আগুনের গর্তের কিনারায়, অতঃপর আল্লাহ তোমাদের সেখান থেকে মুক্তি দিয়েছেন।” ( সূরা আলি ইমরান ৩ : ১০৩)

(لَا يَنْهَاكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ)

‘দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি... ” ইসলাম একটি সহমর্মিতা ও সহানুভূতির ধর্ম, এ আয়াতদ্বয় তার অন্যতম প্রমাণ। কোন ধর্মই বলে না বিধর্মীদের সাথে সহানুভূতি প্রকাশ করতে, দয়ার্দ্র হতে ও ভাল ব্যবহার করতে। ইসলাম ঐ সকল কাফিরদের সাথে ভাল ব্যবহার ও সহানুভূতি দেখাতে বলেছে যারা ইসলাম ও মুসলিমদের জান-মালের ওপর আক্রমণ করে না। সেক্ষেত্রে ইসলাম তাদের ধর্মের ব্যাপারে নিরাপত্তা প্রদান করেছে, প্রত্যেকে স্বস্ব ধর্ম পালন করবে। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে ও মুসলিমদের ওপর আক্রমণ করে কেবল তাদের সাথে মুসলিমদের দা-কুমড়া সম্পর্ক হবে। কারণ তারা জালেম। তাই ইসলাম অমুসলিম নারী, দুর্বল শ্রেণির লোক, শিশু ও বৃদ্ধদের হত্যা করতে নিষেধ করেছে। যদি তারা যুদ্ধ না করে বা যুদ্ধে সহযোগিতা না করে।

আয়াত হতে শিক্ষণীয় বিষয় :

১. দীনের ওপর পুরোপুরি বহাল থাকলে শত্রুরাও বন্ধুতে পরিণত হতে পারে।

২. ইসলাম একটি সহানুভূতি ও সহমর্মিতার ধর্ম। এ ধর্ম কারো ওপর জুলুম করে না।

৩. যারা ইসলাম ও মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের সাথে মুসলিমদের কোন সম্পর্ক নেই।