You are reading tafsir of 16 ayahs: 80:17 to 80:32.
১৭-৩২ নম্বর আয়াতের তাফসীর:
যারা পুনরুত্থানকে অস্বীকার করে আল্লাহ তা‘আলা তাদেরকে তিরস্কার ও অভিশাপ করে বলছেন যে, কাফির ব্যক্তিদের ওপর অভিশাপÑতারা কতই না অকৃতজ্ঞ ও নিমক হারাম। ইবনু জারীর (রহঃ) বলেন: এর অর্থ এটাও হতে পারে
أي شئ جعله كافرا
কোন্ জিনিস তাকে কাফির বানালো? অথচ তার খেয়াল করা উচিত, তাকে এক বিন্দু বীর্য দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং তার আয়ু, রিযিক, আমল সবকিছু নির্ধারিত করে দেয়া হয়েছে, তার পরেও কি তার এরূপ কুফরী করা শোভা পায়?
(ثُمَّ السَّبِيْلَ يَسَّرَه۫)
অর্থাৎ মানুষকে সৃষ্টি করার পর ভাল-মন্দের পথ বর্ণনা করে দিয়েছেন। যেমন আল্লাহ তা‘আলা বলেন:
(إِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ إِمَّا شَاكِرًا وَّإِمَّا كَفُوْرًا)
“আমি তাকে পথ দেখিয়েছি, এরপর হয় সে কৃতজ্ঞ হবে, নয়তো হবে অকৃতজ্ঞ।” (সূরা দাহ্র ৭৬: ৩)
তারপর তার আয়ু শেষ হলে আল্লাহ তা‘আলা তাকে মৃত্যু দান করেন এবং তাকে কবরস্থ করেন। যাতে মানুষের সম্মান হানি না হয়। কেননা যদি কবরস্থ না করা হয় তাহলে হিংস্র পশু পাখি লাশ ছিঁড়ে ফেড়ে খাবে ফলে মানুষের যে সম্মান তা থাকবে না।
কেউ কেউ এ আয়াতের অর্থ বলেছেন : অতঃপর আল্লাহ তা‘আলা তার জন্য মায়ের পেট থেকে বের হওয়ার পথ সহজ করে দিয়েছেন।
(ثُمَّ إِذَا شَا۬ءَ أَنْشَرَه۫)
অর্থাৎ তোমাদের মৃত্যুর পর যখন ইচ্ছা তখন তিনি তোমাদেরকে পুনরুত্থিত করবেন।
আল্লাহ তা‘আলা বলেন:
(وَمِنْ اٰیٰتِھ۪ٓ اَنْ خَلَقَکُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ اِذَآ اَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُوْنَ)
“আর তাঁর দৃষ্টান্তগুলোর মধ্যে (অন্যতম) এই যে, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতঃপর এখন তোমরা মানুষ সব জায়গায় বিস্তার লাভ করেছ।” (সূরা রূম ৩০: ২০)
(كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَه۫)
অর্থাৎ কাফিররা যেমন বলে থাকে বিষয়টি তেমন নয়। আল্লাহ তা‘আলা তাদের যে ঈমান আমলের নির্দেশ দিয়েছেন তা তারা পালন করেনি। (তাফসীর মুয়াসসার)
অতঃপর আল্লাহ তা‘আলা মানুষকে যে সকল নেয়ামত দান করেছেন তার কয়েকটি উল্লেখ করে মানুষকে তার দিকে চিন্তার দৃষ্টিতে তাকানোর নির্দেশ দিয়েছেন। এগুলোর দিকে মানুষ চিন্তার দৃষ্টিতে তাকালে সহজেই আল্লাহ তা‘আলাকে চিনতে পারবে।
غُلْبً অর্থ ঘন বৃক্ষ, أَبًّا অর্থ এমন তৃণলতা যা চতুষ্পদ প্রাণী খায়। এজন্যই বলা হয়েছে, এটা তোমাদের ও তোমাদের পশুদের উপভোগের জন্য।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. মানুষ যদি তার সৃষ্টি প্রক্রিয়া নিয়ে চিন্তা করে তাহলে কখানো আল্লাহ তা‘আলার সাথে কুফরী করত না।
২. মৃত্যুর পরেও মানুষের সম্মান রক্ষার জন্য আল্লাহ তা‘আলা মানুষকে কবরস্থ করার ব্যবস্থা করেছেন।
৩. আল্লাহ তা‘আলার সৃষ্টি নিয়ে গবেষণা করলে তাঁকে চেনা যায়।